ভারতের ভিসা আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
হাইকমিশন বলছে, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে।
এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হতে পারে বলে জানিয়েছে হাইকমিশন।
সতর্কবার্তায় ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

ডেস্ক রিপোর্ট 




















