জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, জনগণের সেবা নয়।”

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি বলেন, “তাদের মূল লক্ষ্য ব্যবসা করা। জনগণের সেবা ও দেশের উন্নয়ন তাদের উদ্দেশ্য নয়। আমি স্পষ্ট বলছি—এক টাকাও দিতে পারব না, ভোট দিন বা না দিন।”

তিনি আরও বলেন, “আমাদের ব্যবসা করার দরকার নেই, আমাদের লক্ষ্য এলাকার উন্নয়ন। সঠিকভাবে উন্নয়ন করতে পারলে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনের নামে যারা ব্যবসার উদ্দেশ্যে আসে, তাদের চিহ্নিত করতে হবে। এদেরকে ভোট দিলে উন্নয়ন আসবে না। সচেতন হতে হবে জনগণকেই।”

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৫ বছরে দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা করুণ। এখন আমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছি।”

জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো লাভবান হচ্ছে। নিজেদের ও এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।