জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
র্যাব-১৪ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা অর্থ আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি উচ্চ মুনাফার লোভ দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে সমিতির পরিচালকদের বিরুদ্ধে সেই অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















