তারেক রহমানকে নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং জনগণই তার বিচার করবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় রাজপথে সাধারণ মানুষ ছিল, কিন্তু তারেক রহমান ছিলেন না।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বক্তব্যে তিনি দাবি করেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক কিছু দিতে পারবেন না। তার ভাষায়, দেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তির নয়, বরং জনগণের হাতে। তিনি আরও বলেন, শেখ হাসিনার মতোই জনগণ একদিন তারেক রহমানেরও বিচার করবে এবং এ বিষয়ে কোনো আপস হবে না।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে তিনি ও নাহিদ ইসলাম একটি বাসায় অবরুদ্ধ ছিলেন। চারদিকে সেনাবাহিনীর অবস্থান থাকায় বাইরে বের হওয়ার সুযোগ ছিল না। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষ সব বাধা অতিক্রম করে রাজপথে নেমে আসে এবং সেই আন্দোলনই পরিস্থিতি বদলে দেয়।
তিনি দাবি করেন, ওই আন্দোলনে কৃষক, শ্রমিক, রিকশাচালক, গৃহিণী, আলেম ও শিক্ষার্থীরা রাজপথে থাকলেও তারেক রহমান সেখানে ছিলেন না। এখন দেশে ফিরে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন পাটওয়ারী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের জনগণ।
এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে দেশের স্বার্থ নিয়ে কোনো ধরনের সমঝোতা করা হলে জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকারও ঘোষণা দেন তিনি।
হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন দেশের সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং শহীদদের বিচার নিশ্চিত করার লড়াই চলছে। তাই বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় জোটের বিভিন্ন নেতাও বক্তব্য দেন।

ডেস্ক রিপোর্ট 




















