আওয়ামী লীগ কেন ক্ষমতা হারাল—সেই প্রশ্নের উত্তর দলটিকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা দল হিসেবে আওয়ামী লীগের ইতিহাস যেমন রয়েছে, তেমনি কেন দলটি শেষ পর্যন্ত ক্ষমতা থেকে উৎখাত হলো, সেই আত্মসমালোচনাও তাদেরই করা উচিত।
পোস্টে ৫ আগস্টকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে আসিফ নজরুল লেখেন, “একাত্তরের ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ।”
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন শুরু থেকেই সরকার পতনের আন্দোলন ছিল না। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে।
আসিফ নজরুলের দাবি, নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এ ধরনের সহিংসতার নজির দক্ষিণ এশিয়ায় বিরল। একই সঙ্গে ৫ আগস্টের পর শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকেও তিনি আধুনিক বিশ্বের ব্যতিক্রমী একটি রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ডেস্ক রিপোর্ট 

























