জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় জোটের উত্থাপিত ছয় দফা দাবি সরকার মেনে না নিলে তা এক দফা দাবিতে পরিণত হবে। আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে এবং রাজপথে রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন তারা। ১১ দলীয় জোটের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে নতুন সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ছয় দফা দাবি মেনে নেওয়া হোক। অন্যথায় এই ছয় দফাই এক দফায় পরিণত হবে এবং সেই দাবি হবে সরকারের পদত্যাগ।
লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে পাটওয়ারী বলেন, অনেকে প্রশ্ন করছেন, এত টাকা খরচ করে কেন লংমার্চ করা হচ্ছে। তবে তাদের দাবি, এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের গদি নড়ে গেছে। আন্দোলন আরও জোরালো করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চান। বৃহত্তর কুমিল্লার মানুষ অন্যায় ও চাঁদাবাজির কাছে কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























