কুমিরকে সর্দির ভয় দেখাবেন না: চরমোনাই পীরের হুঁশিয়ারি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই নামেই বেশি পরিচিত, বলেছেন— “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন।
পীর সাহেব চরমোনাই বলেন, “১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে আমরা নানা ভয়ভীতি, হুমকি ও হামলার মধ্য দিয়ে পথ চলেছি। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। এখন আর কোনো ভয় আমাদের পায় না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ কুমির তো পানিতেই থাকে—আমাদের আবার সেই পানিতে নামাবেন কী?”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ বানিয়েছে। দেশকে গুম, খুন ও দমননীতির রাজ্যে পরিণত করেছে। এসব অনাচারের মূল কারণ—আল্লাহর আইন পরিত্যাগ করে মানবরচিত কুফরি আইন প্রয়োগ করা।”
চরমোনাই পীর বলেন, দেশের মানুষ এখন এসব অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে জনগণই। এখন সময় এসেছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও শান্তির সমাজ গঠনের।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দলের প্রার্থী হিসেবে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে ‘হাতপাখা’ প্রতীক তুলে দেন এবং আসন্ন নির্বাচনের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন।
গণসমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেয়। বক্তৃতার এক পর্যায়ে পীর সাহেব চরমোনাই সরকারের অন্যায়, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের তীব্র সমালোচনা করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

