নিজে গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সচিবালয়ে অফিস শেষে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। গাড়িটি তিনি নিজেই চালাচ্ছেন। তার পাশের আসনেই বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তাকে সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে প্রধানমন্ত্রীকে গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে যেতে দেখা যায়।

ডেস্ক রিপোর্ট 

















