গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ওই স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (৫ আগস্ট) রাতে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী হয়েছেন ইমন ইসলাম নামে এক ছাত্রদল নেতা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত ১ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে এর নিচের অংশ আংশিক পুড়ে যায়।

ডেস্ক রিপোর্ট 























