ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ারের পর নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি-তে যোগ দিতে যাচ্ছেন তিনি।
আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস জানিয়েছে, লেস্টার সিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে সাবাহ এফসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন হামজা। ইতোমধ্যে ব্যক্তিগত শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই হামজাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।
গত মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছিলেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই। ২০২১ সালে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের পাশাপাশি ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হামজা।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
যদি এই দলবদল সম্পন্ন হয়, তাহলে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলার সুযোগও পেতে পারেন হামজা চৌধুরী। কারণ, আজারবাইজানের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি ইতোমধ্যেই বাছাইপর্বের প্রথম দুই ধাপ পেরিয়ে তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























