আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পিছিয়ে নেই কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও। পছন্দের প্রার্থীর পক্ষে তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যস্ত।
অস্ট্রেলিয়া প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ঘোষণা দিয়েছেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল যদি ৮০ শতাংশ আসনে জয়ী হয়, তবে সংসদ যতদিন কার্যকর থাকবে, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা ফ্রি করার ব্যবস্থা করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ে যেদিন ক্লাস থাকবে, সেদিনই শিক্ষার্থীরা এই সুযোগ ভোগ করতে পারবেন। শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় বনি আমিন বলেন, ‘‘আমি ছাত্রশিবির প্যানেলের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে আমি নিশ্চিত, এই প্যানেলে ভুল প্রার্থী রাখা হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে ডাকসুতে শিক্ষার্থীরা সৎ ভিপি-জিএস পাননি। এবার সেই সুযোগ আসতে পারে।’’
এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বনি আমিন আরেকটি ভিডিও বার্তায় বলেছিলেন, ছাত্রশিবির প্যানেল ডাকসু নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবেন তিনি। মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি এই অঙ্গীকার করেছিলেন।
বনি আমিনের এমন প্রতিশ্রুতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। আসন্ন ডাকসু নির্বাচনের প্রচারণায় তার ঘোষণাগুলো নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

