বিসিবি নির্বাচন শেষ হলেও থামেনি বিতর্ক। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
তিনি অভিযোগ করেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বেচ্ছাচারী আচরণ করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে সভাপতি বানাতে প্রভাব খাটিয়েছেন। অনেক কাউন্সিলরকে হুমকি দিয়েও ভোটের ওপর প্রভাব বিস্তার করা হয়েছে বলে দাবি তার।
মঙ্গলবার (৭ অক্টোবর) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল বলেন, “বিসিবি নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে কাউন্সিলরদের হুমকি দিয়েছেন এবং ভোটে চাপ সৃষ্টি করেছেন।”
উল্লেখ্য, এর আগে নির্বাচনে ‘সাজানো প্রহসন’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ ১৬ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। তারা অভিযোগ করেন, জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন নিয়ে সভাপতি আমিনুল ইসলামের চিঠি আইনি বৈধতা রাখে না।

