এবার ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সেই দেশে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বাঁধন কর্মকাণ্ডে আওয়ামী লীগ আবার বুঝালো রাজনৈতিক দল হিসেবে আমাদের মাটিতে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে কি–না। সরকারের পক্ষ থেকে ওই দেশে সব ধরনের আইনি ব্যবস্থা শুরু হয়েছে। আমরা এসব অপরাধীদের ছেড়ে দেব না। এই হামলা বাঁধনের জন্য সম্মানের, কারণ এমন মাফিয়া গ্যাংয়ের হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে আছে।
‘আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল মনে করি না। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। এ ধরনের ঘটনার পর আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া উচিত নয়’, যোগ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, দেশে এখন একটি ভঙ্গুর অর্থনীতি রয়েছে, সেটি মিথ্যা নয়। তবে প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এর মূল্য একসঙ্গে পরিশোধ করতে হবে না। এটি পর্যায়ক্রমে দেয়ার সুযোগ রয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















