এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহে ব্যর্থ হলে সিভিল এভিয়েশন সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে। বিষয়টি জাপানি কনসোর্টিয়াম ও সুমিতমোকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল সীমিত পরিসরে চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য স্ক্যানার, কাস্টমস ও ইমিগ্রেশনসহ বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ৫ থেকে ৬ মাসের মধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























