আগামী ১৫ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠানে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার কমিশনের সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করা হয়। কমিশন জানিয়েছে, এসব মতামতের ভিত্তিতে খুব শিগগিরই সরকারের কাছে বাস্তবায়ন-সংক্রান্ত প্যাকেজ সুপারিশ জমা দেওয়া হবে।
সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রথমে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রধান উপদেষ্টার পরামর্শে স্থান পরিবর্তন করে সংসদের দক্ষিণ প্লাজা নির্ধারণ করা হয়।
কমিশন জানিয়েছে, অংশগ্রহণকারী ৩০টি রাজনৈতিক দল ও জোটকে দুজন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে, এবং বেশিরভাগ দল ইতিমধ্যে নাম পাঠিয়েছে। বিএনপি, জামায়াত, ও এনসিপিসহ কয়েকটি দল ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে।
মনির হায়দার জানিয়েছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে উদযাপন করা হবে। বিএনপি, জামায়াত, এনসিপির ৩০ জন করে নেতা এবং অন্যান্য দল থেকে ১০ জন করে প্রতিনিধি আমন্ত্রিত হবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত চূড়ান্ত করতে শনিবার আবারও কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

