এবার কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল কোরিতিবা। জাসি মারানহাও বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে সেইউ গোল উদযাপন করতে গিয়েই ঘটে বিপত্তি।
গোল করেই উদযাপনের জন্য সমর্থকদের কাছে যেতে চেয়েছিলেন জাসি মারানহাও। বল জার্সিতে লুকিয়ে রেখে প্রথমে বিজ্ঞাপনী বোর্ডের দিকে যান। তারপর লাফ দিয়ে মাঠের ওপারে যান। কিন্তু মাটিতে পড়েননি তিনি। যেখানে লাফ দিয়েছিলেন, সেখানে ছিল স্টেডিয়ামে ঢোকার টানেল।
কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার সামনে থেকে উধাও মারানহাও। কাছাকাছি থাকা লোকেরা বোঝার চেষ্টা করছিলেন কী হলো! নিজের চেষ্টায় টানেল থেকে বেরিয়ে এলেও তিনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।
রাতের অদ্ভুত মুহূর্তের এই দৃশ্য শেষ হওয়ার পরও মাঠে একটি প্রশ্ন থেকে যায়: গোলটি কি হবে? রিভিউয়ের সিদ্ধান্ত মারানহাওকে চরম হতাশ করেছে। তিনি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়েছে। যে গোল উদযাপন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত চোট পেলেন, সেই গোলই বাতিল! দুঃস্বপ্নের এক রাতই যেন কাটল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। তবে তার দল কোরিতিবা ২–১ গোলে ম্যাচটি জিতেছে।

ডেস্ক রিপোর্ট 
























