নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ভারতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, দুর্নীতি, একনায়কতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতে ছড়িয়ে পড়তে পারে। তবে সহিংসতা হয়নি শুধু মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে জনগণের বিশ্বাসের কারণে।
সঞ্জয় রাউত মন্তব্য করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তাঁর আদর্শেই আপনার সরকার টিকে আছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন, যা প্রমাণ করে দেশে এখনও ব্যাপক দারিদ্র্য রয়েছে। নেপালের অবস্থাও একই রকম ছিল। ভারতের টাকা বিদেশে পাচার হচ্ছে, প্রভাবশালীদের পরিবার বিদেশে বসবাস করছে—এমন অভিযোগও তোলেন তিনি।
কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সঞ্জয় রাউত বলেন, নেপাল একসময় ভারতকে বড় ভাই মনে করলেও সংকটকালে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। এটিকে তিনি পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ভারতের তরুণরা এখন চুপচাপ সবকিছু দেখছে, অথচ দেশে বেকারত্বসহ নানা সমস্যা বিদ্যমান।

আন্তর্জাতিক ডেক্স 



















