ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কের বেহাল দশার কথা জানিয়ে রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের দৃষ্টি আকর্ষণ করে মাইকিং করেছেন মো. মলুদ নামের স্থানীয় এক বাসিন্দা। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নুরপুর-হরিপুর সড়কের ওপর দাঁড়িয়ে তার মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে মো. মলুদকে বলতে শোনা যায়, ‘সম্মানিত এমপি মহোদয়। নাসিরনগরের আড়াই লাখ মানুষের নয়নের মণি, জননন্দিত নেতা এম এ হান্নান এমপি মহোদয়। আপনাকে অনুরোধ করে বলছি, গোকর্ণ ইউনিয়নের মানুষ নুরপুর থেকে হরিপুর পর্যন্ত যেতে পারে না। রাস্তাটা খুব বেহাল অবস্থা।
বৃষ্টি হলে রাস্তায় কাদা হয়ে যায়। এই রাস্তা দিয়ে সিএনজি ও রিকশায় যাত্রীদের চলাচলে কষ্ট হয়। নুরপুর থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা গোকর্ণ স্কুলে যাওয়ার পথেও অনেক কষ্ট হয়। আপনি এই রাস্তাটা করে দেবেন।
আমাদের গোকর্ণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ করে বলছি।’
মাইকিংয়ের বিষয়ে জানতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মো. মলুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী পরিচয়ে এক নারী কালের কণ্ঠকে বলেন, ‘আমরা গরিব মানুষ। মাইক ভাড়া দিই। আমার স্বামী নিজে থেকেই এ মাইকিংটা করেছে।’
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘মাইকিংটা আমি শুনেছি।
রাস্তা না হওয়ার ক্ষোভ থেকেই এ মাইকিং হয়েছে। এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করায় ভালো হয়েছে বলে মনে করি।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন বলেন, ‘এ রাস্তাটির কাজ যেন হয়, সে বিষয়ে এমপি মহোদয় অনেক চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় এটা নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ঠিকাদার কাজ করছেন না।’
এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, ‘ঠিকাদারের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আজ বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। আশা করি, আবহাওয়া অনুকূলে এলে ঠিকাদার কাজটি করে দেবেন।’
তবে ওই রাস্তা নির্মাণে ব্যয় ও কাজ শেষ করার সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ডেস্ক রিপোর্ট 


















