ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এখন দেশবাসী এমন নেতৃত্ব চায়, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ডেমরার স্টাফ কোয়ার্টারে ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, স্বাধীনতার পর থেকে জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে এসেছে। রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন, তারা কারও ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেননি; বরং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর দুরবস্থায় দেশ এক গভীর সংকটের মুখে পড়েছে। এসব কারণেই জনগণ অতীতের শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করছে এবং ইসলামী নেতৃত্বকে বিকল্প হিসেবে দেখছে।
তিনি আরও বলেন, প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা অপরিহার্য। তাদের নৈতিক দিকনির্দেশনার মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালনা করে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।
সভায় তিনি ঢাকা-৫ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা ও চাঁদামুক্ত ডেমরা–যাত্রাবাড়ী গড়তে এই প্রার্থীকে জয়ী করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলতাফ হোসেন, জামিয়া রব্বানীয়া মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস বোরহান উদ্দীন রব্বানী এবং বায়তুন নুর মাদরাসার মুহতামীম শায়খুল হাদীস মনিরুজ্জামান প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 




















