একই দিনে আদালতের দ্বারস্থ হয়েছেন সাতক্ষীরার আলোচিত তিন ‘নজরুল ইসলাম’। সোমবারের এই কাকতালীয় ঘটনা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা। তিনজনের মধ্যে একজন উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে হাজির হওয়া তিনজন হলেন—সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, যিনি হাজী নজরুল নামে পরিচিত।
জানা গেছে, রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় উচ্চ আদালতে জামিন আবেদন করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার বিকেলে তার জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সাতক্ষীরার আদালতে হাজির করা হয়। সদর থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
একই দিনে উচ্চ আদালত থেকে পাওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডল। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
একই দিনে, একই নামের তিন ব্যক্তির ভিন্ন ভিন্ন মামলায় আদালতে হাজির হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবদুস সাত্তার পৃথক মামলায় তিন ‘নজরুলের’ আদালতে উপস্থিত হওয়া এবং তাদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেস্ক রিপোর্ট 






















