স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে অনেকে নানা প্রশ্ন করছেন, বহুবার উত্তর দেওয়া হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করি জাহাঙ্গীরনগরের নির্বাচনটিও যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ডাকসু নির্বাচনই প্রমাণ করেছে আইনশৃঙ্খলা এখন ভালো আছে। আগের চেয়ে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পুলিশের ট্রেনিং উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
পাসপোর্ট অফিস পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে পাসপোর্ট করতে যে সময় লাগতো এখন তা কমানো হয়েছে, আরও কমানো যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, যেখানে মানুষ সহজে পাসপোর্ট পাচ্ছেন। পাসপোর্ট প্রাপ্তি প্রক্রিয়া সহজ করতে পুলিশ ভেরিফিকেশনও বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















