আলোচিত ইসলামি বক্তা ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত–তাহেরিসহ ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং স্থানীয় একটি মাদরাসায় ভাঙচুরের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামের ফরিদুল ভূইয়া। বৃহস্পতিবার মামলার এজাহারের কপি গণমাধ্যমে আসে।
এ মামলায় আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৬ সেপ্টেম্বর আসামিরা লাঠি, লোহার পাইপ, রড, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিজয়নগর ডাকবাংলো মোড়ে অবস্থান নেয় এবং হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। পরে তারা জশনে জুলুসের নামে র্যালি করে কওমী অধ্যুষিত চম্পনগরে প্রবেশ করে ফুরকানিয়া মাদরাসায় হামলা চালায়। এতে ইটপাটকেল ছোড়া, কুপিয়ে দরজা-জানালা ভাঙচুরসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বিজয়নগর দৌলতবাড়ি দরবার শরীফের শাহ সুফী খাজা নাঈম উদ্দিন আহমেদকে। চতুর্থ আসামি মুফতি গিয়াস উদ্দিন আত–তাহেরি। এছাড়া আবদুর রহমান সরকার নাঈমী ও মো. জাকির হোসেন জাক্কুকে যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি করা হয়েছে।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আসামি জাকির হোসেন জাক্কুকে আখাউড়া থেকে এবং হুমায়ুন মিয়াকে বিজয়নগরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিজস্ব প্রতিবেদক 



















