বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা সরকার মেনে নেবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করার উদ্দেশ্যে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে গণছুটি নিয়েছেন। তারা কাজে না ফিরলে সেটি সত্য বলে ধরে নেওয়া হবে।
উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা, তাই সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজে যোগ দিতে হবে। ছুটিতে থাকলে আলোচনায় বসা সম্ভব নয়, তবে কাজে যোগ দিলে যেকোনো সময় আলোচনা করা যাবে। তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেককে কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে এবং যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনটি জিডি করা হয়েছে। সরকার সহনশীলতার পরিচয় দিলেও এটিকে দুর্বলতা ভাবলে ভুল হবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় তিনি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান। তার বক্তব্যে বলা হয়, সরকার দাম না বাড়িয়েই ঘাটতি মোকাবিলার চেষ্টা করছে। এজন্য বেশি পরিমাণে এলএনজি আমদানি, বাসাবাড়ির পুরোনো গ্যাস লাইন মেরামত এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।

