আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বড় রাজাকার হিসেবে মানুষ দেখছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফারুকী লিখেছেন, রাজাকার বলতে রাজনৈতিক অর্থে বোঝায় সেইসব ব্যক্তি, যারা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের স্বার্থে কাজ করে। সেই সূত্র ধরে বর্তমানে মানুষ আওয়ামী লীগকেই রাজাকার মনে করছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল কীভাবে সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হলো, তা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের জন্য গবেষণার বিষয় হতে পারে। স্বাধীনতাবিরোধী শক্তির সংজ্ঞা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের পায়ের নিচে বিকিয়ে দেয়, তারাই এই শক্তি।
ফারুকীর ভাষায়, গত ১৬ বছরের মতো পরাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর কখনও দেখা যায়নি। ফলে রাজাকার কার্ডের পুরনো ব্যবহার খারিজ হয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসে নায়ক-ভিলেন নির্ধারণ হয় সমসাময়িক বাস্তবতায়। একাত্তরের ভূমিকা যাই হোক না কেন, তা দিয়ে বর্তমানের অন্যায় ঢেকে রাখা সম্ভব নয়। তাঁর মন্তব্যে স্পষ্ট একাত্তরের শহীদরা বর্তমানের খুনিকে রক্ষা করবে না।

