‘এটি সম্পূর্ণ একটি ক্রিয়েটিভ বাজেট’—প্রস্তাবিত বাজেটের প্রশংসায় মির্জা ফখরুল
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি ‘ক্রিয়েটিভ বাজেট’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বাজেটে দেওয়া কর রেয়াত ও বিভিন্ন খাতে প্রণোদনা অতীতের তুলনায় ব্যতিক্রমী। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থনীতিকে দ্রুত সচল করতে সহায়ক হবে এবং দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতি ও অগোছালো প্রশাসনের বাস্তবতায় বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। সেই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থাপিত বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর আন্তরিক প্রচেষ্টা ফুটে উঠেছে।
তিনি জানান, বাজেটে ৪১ লাখ পরিবারপ্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, উপাসনালয়ে সম্মানী, খাল খনন, সেচ ও মৎস্য খাতে উৎসাহমূলক পদক্ষেপ রাখা হয়েছে।
বিএনপি মহাসচিবের মতে, দেশীয় উৎপাদন ও বিনিয়োগে নজিরবিহীন প্রণোদনা, কর রেয়াত এবং স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিতে কর আরোপের মতো পদক্ষেপই এই বাজেটকে একটি ‘সম্পূর্ণ ক্রিয়েটিভ বাজেট’ হিসেবে আলাদা করেছে।

ডেস্ক রিপোর্ট 























