আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডাকসু নির্বাচন দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দিয়েছে। আওয়ামী লীগ যেমন গণ-অভ্যুত্থানকে ভুলভাবে ব্যাখ্যা করেছে, তেমনি বিএনপি ও অনেক বুদ্ধিজীবীও ডাকসু নির্বাচনের বার্তা পুরোপুরি অনুধাবন করতে পারেননি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবে বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, নির্বাচন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ছাড়া অন্তর্ভুক্তিমূলক হবে না—এই ধারণা ডাকসু নির্বাচনের ফলেই ভুল প্রমাণিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ডাকসু নির্বাচনকে যদি ইসলামপন্থীদের বিজয় বা জঙ্গিবাদের উত্থান হিসেবে ব্যাখ্যা করা হয়, তবে তা তরুণদের রাজনৈতিক মানসিকতা বোঝার ব্যর্থতা হবে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ ষড়যন্ত্র হিসেবে দেখেছিল, একইভাবে ডাকসু নির্বাচনকেও অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করতে চাইছে। কিন্তু এই নির্বাচন তরুণ প্রজন্মের রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির জন্য নতুন মেট্রিক্স তৈরি করেছে। এটি ১৯৯১, ১৯৯৬ বা ২০০১ সালের রাজনৈতিক কাঠামোর আলোকে বিচার করা যাবে না। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন এই নতুন মেট্রিক্সের ভিত্তিতেই হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশ এখনো প্রচণ্ড অশান্ত অবস্থায় আছে। আমরা যেন আগ্নেয়গিরির ওপর বসবাস করছি। কেউ যদি মনে করে ফেব্রুয়ারির পর দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, তবে তা হবে না। যেকোনো সময় নেপাল, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সকল রাজনৈতিক দলের মাথায় এটি রাখতে হবে।

এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।