বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় উত্তেজিত মন্তব্য করে আলোচনায় আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ক্ষোভে বলেন— “এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নিব, তাদের কলিজা কত বড় হইছে; কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।” মুহূর্তেই সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, “বিগত এক মাসে পঞ্চগড়ে এনসিপি তিনটি প্রোগ্রাম করেছে। প্রতিবারই আমার বক্তব্য শুরু হওয়ার এক-দুই মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যায়, আর বক্তব্য শেষ হলেই ফিরে আসে।”

তিনি দাবি করেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। “প্রথমে কিছু বলিনি, কিন্তু তিনবার একইভাবে ঘটায় বুঝেছি— এটা কাকতালীয় নয়। জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা অন্য দলের দালালি করে ছোটলোকি আচরণ করছেন,” বলেন সারজিস আলম।

তবে নিজের ক্ষোভের প্রকাশে ব্যবহৃত ভাষা নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। “ক্ষোভে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা ঠিক হয়নি,” স্বীকার করেন এনসিপি নেতা।

সারজিস আলম আরও জানান, এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ অফিসকে প্রতিবারই প্রোগ্রামের কথা জানানো হয়েছিল। তিনি বলেন, “আমরা দুর্নীতি, সিন্ডিকেট, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে লং মার্চ করেছি— ১৫০ কিলোমিটার জুড়ে দুই হাজার মানুষকে সঙ্গে নিয়ে। আশা করি, মিডিয়ার নজর সেদিকেও থাকবে।”