বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাঁচ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে জনগণ জামায়াতের দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে।”

তিনি আরও জানান, সরকারের অনীহার কারণে জামায়াত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করছে। এর অংশ হিসেবে ১৪ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সব বিভাগীয় শহরেও মানববন্ধন হবে, আর ১৫ অক্টোবর জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।