শিক্ষা অফিসের ভেতর, দিনের আলোয় ঘটে গেল এক ভয়াবহ হামলার ঘটনা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

রোববার দুপুরে অভিযুক্ত শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে শিক্ষা অফিসে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ অপেক্ষার পর তিনি ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী শিক্ষা কর্মকর্তার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন শাকিল আহমেদ। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আহত শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এসব বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তার দাবি।

এদিকে, ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে অসংলগ্ন কথা বলতে দেখা যায়। তিনি বলেন, “আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।” তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

গোসাইরহাট থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।