বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে বার্তা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল।

নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় জো কোল বলেন, ‘মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে, একদম নিশ্চিতভাবে।’ অর্থাৎ, আর্জেন্টিনার অধিনায়ককে পুরো ম্যাচে নিষ্ক্রিয় রাখতে পারলেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বাড়বে বলে মনে করেন তিনি।

তবে কোলের এমন মন্তব্যে কিছুটা সতর্ক করেন অনুষ্ঠানের অন্য আলোচকরা। তাদের আশঙ্কা, মেসিকে নিয়ে অতিরিক্ত কথা বললে সেটিই উল্টো আর্জেন্টাইন তারকার অনুপ্রেরণার কারণ হতে পারে।

অন্যদিকে, সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস বলেন, আর্জেন্টিনা অভিজ্ঞ, ধূর্ত এবং জয়ী মানসিকতার দল হলেও গতির দিক থেকে ইংল্যান্ড এগিয়ে।

মজার বিষয় হলো, এই জো কোলই এর আগে একাধিকবার লিওনেল মেসিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও সেরা ফুটবলার হিসেবে মূল্যায়ন করেছিলেন।

এখন দেখার বিষয়, ১৬ জুলাইয়ের বিশ্বকাপ সেমিফাইনালে কথার লড়াইয়ের প্রভাব মাঠের খেলায় কতটা পড়ে, আর শেষ হাসি হাসে ইংল্যান্ড, নাকি মেসির আর্জেন্টিনা।