জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি অনুপস্থিত থাকায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা আদালতে উপস্থিত হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিকে পলকের চিকিৎসা নিয়েও আদালতে বিষয়টি তুলে ধরেন তার আইনজীবী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা পলকের চিকিৎসার জন্য আগে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর হয়েছিল। তবে আদালতের নির্দেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আইনজীবী।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























