রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের জেরে প্রাণনাশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে।
বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হোসেন। অভিযুক্ত ফাহিম ফারুকীও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে সিফাত জানান, কয়েক দিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে একটি পোস্ট দেন তিনি। তবে সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা পেজের নাম উল্লেখ করা হয়নি বলে দাবি তার।
সিফাতের অভিযোগ, পোস্টটি দেওয়ার পর থেকেই ফাহিম ফারুকী তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানির মামলা করার কথা বলা হয়। পাশাপাশি ‘যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে’ বলা এবং ডিজিএফআই ও এনএসআইকে দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ‘বর্তমান প্রশাসন আমার পকেটে’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগও করেছেন সিফাত।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফাহিম ফারুকী। তিনি বলেন, বরং সিফাতই তাকে হুমকি দিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফাহিম ফারুকীর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন মনে করেছেন। প্রশাসন বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাই করতে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুজনের বক্তব্য নেওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, ফাহিম ফারুকী বর্তমানে রাজশাহীর বাইরে আছেন। তিনি ফিরে এলে অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

ডেস্ক রিপোর্ট 























