সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলে সাভার মডেল থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসির সদস্যরা। পরে রাত ১০টার দিকে শুরু হয় অভিযান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত থাকার তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের একপর্যায়ে কাপড়-চোপড়ের মধ্যে লুকিয়ে রাখা পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, কয়েক দিন আগে ওই এলাকায় পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ একজনকে আটক করেছিল সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের দাবি, বাড়িটি মাসের শুরুতে ভাড়া নেওয়া হয়েছিল এবং সেখানে বিস্ফোরক মজুত করা হয়। প্রাথমিকভাবে এর সঙ্গে জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে সিটিটিসি, সাভার থানা পুলিশ, র্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার—এনএসআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাড়ির বাসিন্দা ও আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও কোনো বিস্ফোরক বা গোলাবারুদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বাড়িটিতে তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িটি ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেস্ক রিপোর্ট 























