পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: কালবেলা
আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। তাদের কৃতকর্মের প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ সচেতন। স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি করে নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি কিন্তু দেশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় পাঠানো হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও ভাঙতে পারেনি। বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরনের কমতি দেখায় নাই।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 




















