জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার গণভোট একসাথে হওয়া উচিত নয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব মন্তব্য করেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন এবং জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. তাহের।
ডা. তাহের বলেন, “জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা হয়, তাহলে আম-ছালা দুটোই যাবে।” তিনি যুক্তি দেখান, জাতীয় নির্বাচনের দিনে সব দল ভোট প্রক্রিয়ায় ব্যস্ত থাকবে। সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পর গণভোটের ব্যালট নিয়ে বাড়ি চলে যেতে পারে, ফলে সুষ্ঠু ভোট দেওয়ানো কঠিন হয়ে যাবে।
তিনি আরও বলেন, “গণভোট একটি সহজ নির্বাচন। এটি জাতীয় নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা কেমন হবে তা পরীক্ষার সুযোগও দিতে পারে। খরচও কম, কারণ একই ভোট বাক্স ব্যবহার করে শুধু বাড়তি ব্যালট ও কালির ব্যয় হবে।”

