ডারউইন টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের হতাশ করে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। এর মধ্যেই মেজাজ হারিয়ে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বল পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান মিরাজ। তবে দৌড়ানোর সময় তিনি পিচের মাঝের সুরক্ষিত অংশে চলে যান, যা আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে পড়ে।

রান শেষ হওয়ার আগেই মিরাজকে থামিয়ে সতর্ক করেন আম্পায়ার। মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকার কারণে সামনে কী ছিল, তা তিনি বুঝতে পারেননি।

এরপরই মিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান স্টার্ক। অস্ট্রেলিয়ান এই পেসার মিরাজকে ইঙ্গিত করে বলেন, জায়গাটি তার ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেট ছেড়ে দৌড়াতে হবে।

জবাবে মিরাজও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। পরে নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

ঘটনাটি নিয়ে অবশ্য মিরাজের পক্ষেই কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। চ্যানেল সেভেনের ধারাভাষ্যে পন্টিং বলেন, মিরাজের দৌড়টি ইচ্ছাকৃত ছিল না। বল দেখার পর সামনে স্টার্ককে পেয়ে পিচের মাঝ দিয়ে যাওয়াটাই তার কাছে সহজ মনে হয়েছিল।

তবে স্টার্ক-মিরাজের এই উত্তপ্ত মুহূর্ত ডারউইন টেস্টের দ্বিতীয় দিনের আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।