দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাবর দাবি করেন, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। একই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন।
তিনি জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, সেগুলো নিয়েই আলোচনায় এসেছেন। এ সময় তিনি আরও বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাবর। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার নাম আসামির তালিকায় যুক্ত হলেও ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট তাকে খালাস দেয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি পান তিনি।

