বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বীজ বপন করেছিলেন, তা আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। আমাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে—কে এই সাহস দেখিয়েছে? আমরা কি রোহিঙ্গা?
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পেতে গণসংযোগে অংশ নেন।
পাপিয়া বলেন, বাংলাদেশের মাটি আঁকড়ে বিএনপি মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। সেই আন্দোলনে খালেদা জিয়া কারাবরণ করেছেন, বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, হাজারো মামলা হয়েছে।
এনসিপি ও জামায়াতকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। আজ বিএনপিকে ভারত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে—এসব বললে নিজেদের কবর নিজেরাই রচনা করবেন।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে পাপিয়া বলেন, নতুন দল এনসিপির মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। আওয়ামী লীগের পথে বিএনপি যাবে বলে মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ২০১৮ সালের মতো নির্বাচনের পরিকল্পনা করলে তা দুঃস্বপ্নই থেকে যাবে। এনসিপি ও সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান নিয়ে ইতিহাস পরিষ্কার। বিএনপিকে উৎখাতের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
গণসংযোগ ও পথসভায় জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



















