জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। তিনি আশা প্রকাশ করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করবে না এবং এনসিপিকে তাদের প্রাপ্য প্রতীক দেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন যদি কোনো চাপের কারণে আমাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তাদের প্রতি জনগণের আস্থা অর্জন কঠিন হবে।”
শাপলা প্রতীক না পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না পাওয়ার কোনো কারণ নেই। আইনগতভাবে কোনো বাধা না থাকায় আমরা শাপলা প্রতীক পাবই। প্রয়োজনে রাজনৈতিকভাবে বা অন্য উপায়ে আমরা তা আদায় করব।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আসন ও প্রার্থীভিত্তিক বিশ্লেষণ চলছে এবং অধিকাংশ প্রার্থী দলীয় হলেও স্থানীয়ভাবে যোগ্য প্রার্থীদেরও বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াতের মতো বড় দলে যোগ না দিয়েও নির্বাচনী ঐক্য হতে পারে। আমরা এমন দলের সঙ্গে ঐক্য করব, যারা জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তনের কমিটমেন্ট রাখবে।”
জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ নেত্রকোনা জেলার এনসিপি নেতাকর্মীরা।

