মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলো—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার চার শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো, তা আমি জানি না।’
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে।’
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস জানতে তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট 























