আগামীকাল রোববার সড়কপথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলা সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা আড়াইটায় কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একই সময় ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন অনুদান প্রদানের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘদিন সংস্কার না হওয়া বিভিন্ন সড়কে মেরামতকাজের পাশাপাশি সড়কের পাশের ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হচ্ছে। দিন-রাত কাজ করছেন শ্রমিকরা।
শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের আশা, প্রধানমন্ত্রীর সফরে জেলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য খাত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
তারা জানান, জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন এবারই প্রথম রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের উল্লেখযোগ্য অংশ হওয়ায় এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য তুলে ধরতেই কটিয়াদীতে এবারের মূল আয়োজন করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন তারা।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেস্ক রিপোর্ট 




















