জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে তিনি এই বক্তব্য দেন।
জাবেদ রাসিন বলেন, এনসিপি কোনো জোটের অংশ হচ্ছে না। বাংলাদেশপন্থি রাজনীতিকে এগিয়ে নিতে এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে। একইসঙ্গে তিনি সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বের কারণে দেশে সামরিক শাসনের আশঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন। এ পরিস্থিতি এড়াতে অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি।
সেমিনারে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও যদি নতুন সংবিধান প্রণয়ন না করা হয়, তবে তা শহিদের রক্তের সঙ্গে বেইমানি হিসেবে গণ্য হবে।

নিজস্ব প্রতিবেদক 



















