আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা কেউ বলতে পারবে না।
রোববার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারি কর্মকর্তারা নির্বাচনে কোনো পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে যে নির্বাচন হয়েছিল, সেটা দিনের ভোট রাতে হয়েছে, যা ছিল ‘লায়লাতুল নির্বাচন’। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সংকট নেই, তবে কারখানায় কিছুটা গ্যাসের সংকট রয়েছে, সেটিও শিগগিরই ঠিক হয়ে যাবে।
একই সঙ্গে তিনি উন্নয়ন কাজের কারণে কিছুটা দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, বাচ্চা প্রসবের মতোই কষ্ট হলেও উন্নয়নের জন্য এ ধরনের দুর্ভোগ বড় কিছু নয়।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ অনীকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

