চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সদর দপ্তর উত্তরাংশে স্থাপনের দাবিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, বন্ধ রয়েছে যান চলাচল ও ব্যবসা-বাণিজ্য।

বৃহস্পতিবার ভোর থেকেই আন্দোলনকারীরা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো-ফটিকছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। হেয়াকো ও বালুটিলা বাজারসহ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দেওয়ায় খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

হরতালের প্রভাবে উত্তর ফটিকছড়ির হেয়াকো, বাগানবাজার, চিকনছড়া, নারায়নহাট, দাঁতমারা ও বালুটিলাসহ অধিকাংশ বাজারের দোকানপাটও বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে সহজে যাতায়াত করতে পারেন এবং সরকারি সেবা নির্বিঘ্নে পান।

তাদের অভিযোগ, বর্তমানে ঘোষিত স্থানে সদর দপ্তর হলে অধিকাংশ মানুষের যাতায়াতে সময় ও ব্যয় দুটোই বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও দাবি আদায় না হওয়ায় তারা হরতালের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা না করা হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।