মাদরাসার বিরতিতে অন্যদিনের মতোই খালে গোসল করতে নেমেছিল কয়েকজন শিশু। কিন্তু সেই আনন্দময় মুহূর্তই পরিণত হলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে চার শিশুশিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—তাবিয়া (১৩), আয়েশা (৯), জান্নাত (৮) ও সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার বিরতির সময় ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। একপর্যায়ে চার শিশু পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই শিক্ষার্থী দ্রুত পাড়ে উঠে স্থানীয়দের খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।
স্থানীয়রা খাল থেকে চার শিশুকে উদ্ধার করে। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
এদিকে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চার শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বড়কান্দা গ্রামে। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ডেস্ক রিপোর্ট 



















