পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আর আর্জেন্টাইন তারকার ব্যর্থতার দিনে বড় হার দেখেছে ইন্টার মিয়ামি। শনিবার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল মিয়ামি।
ম্যাচের ২৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মিয়ামি। স্পট কিক থেকে মেসির নেওয়া শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। ফিরতি বলে সের্হিও রেগিলন গোল করলেও ভিডিও পর্যালোচনায় দেখা যায়, পেনাল্টি নেওয়ার সময় তিনি বক্সে ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
এটি মেসির টানা তৃতীয় পেনাল্টি মিস। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করার পর এবার এমএলএসেও ব্যর্থ হলেন তিনি। প্রায় এক বছর পর লিগে পেনাল্টি মিস করলেন মেসি।
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে যায় ন্যাশভিল। ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির পাস থেকে পাওয়া বলে তেলাস্কো সেগোভিয়া গোল করে মিয়ামিকে সমতায় ফেরান।
তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ন্যাশভিলের হয়ে দুটি গোল করেন সাবেক এমএলএস সেরা খেলোয়াড় হানি মুখতার। আর স্যাম সারিজ করেন আরেকটি গোল।
ম্যাচের শেষ দিকে হতাশা আরও বাড়ে মেসির। সারিজের গোলের আগে ফাউলের দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। এরপর তার একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে। পরে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
ন্যাশভিলের চতুর্থ গোলটিও আসে মিয়ামির ভুলে। গোলরক্ষক রোকো রিওস নোভো বক্সের বাইরে গিয়ে পিছলে পড়লে ন্যাশভিলের গোলরক্ষকের লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।
এই হারে ছয় ম্যাচের অপরাজিত যাত্রাও থামল মিয়ামির। ন্যাশভিলকে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও এখন পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
এদিকে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথমবার শুরুর একাদশে ফিরেছিলেন মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচটি শেষ হলো হতাশাজনক হারে।
লিগে ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য দ্রুতই পাচ্ছে মিয়ামি। বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে জয়ে ফেরার লড়াইয়ে নামবে তারা।

ডেস্ক রিপোর্ট 

























