পিআরসহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেসব ক্ষেত্রে আলোচনা এবং আন্দোলন এক সঙ্গে চলবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, কমিশনের মেয়াদ বাড়ানো হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসবে না। আন্তরিক হলে এক মাস নয়, এক ঘণ্টার মধ্যেই সমাধান সম্ভব।
এ সময় ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে কি না জানতে চাইলে জামায়াত জানায়, পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই সেটি সুষ্ঠু হবে। এতে জোর করে এমপি হওয়ার সুযোগ থাকবে না। কারণ গত ১৫ বছরে জোর করে এমপি নির্বাচিত হয়েছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াত অংশ নেবে কি না—এমন প্রশ্নে ডা. তাহের বলেন, জামায়াত নির্বাচনে যাবে না এমন কথা বলেনি, তবে তারা মনে করে পিআর পদ্ধতিই উত্তম।

