ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ইউসিবিএলের সাবেক পরিচালক ইউনুছ আহমদ, আনিসুজ্জামান চৌধুরী, আখতার মতিন চৌধুরী, এম এ সবুর, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান ও মো. শাহ আলম। এ ছাড়া ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা আরিফ কাদরী, বজল আহমেদ বাবুল, শ্রাবন্তী মজুমদার, মোসাদ্দেক মো. ইউসুফ, মুঝায়োনা সিদ্দিক, মোহাম্মদ গোলাম রাকিব ও আলমগীর কবিরও এ মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মালিক সাজিয়ে কাগুজে প্রতিষ্ঠান ‘মডেল ট্রেডিং’-এর নামে ঋণ অনুমোদন করান। এ সময় ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করা হয়। পরবর্তীতে সেই ঋণের অর্থ বিদেশে পাচার এবং সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত হিসাব ও সংশ্লিষ্ট বিভিন্ন দায়-দেনা পরিশোধে ব্যবহার করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঋণের মেয়াদ শেষে অনিয়ম ঢাকতে ইউসিবিএলের অপর গ্রাহকের নামে নতুন ঋণ অনুমোদন করিয়ে আগের দায় পরিশোধ ও সমন্বয়ের চেষ্টা করা হয়। এভাবে আসামিরা প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে একুশ কোটি টাকা আত্মসাৎ করেন।