চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক)সহ ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। বাকি দুটি পদের মধ্যে একটিতে জয়ী হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক (এজিএস পদে) এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি (সহ-খেলাঘুলা সম্পাদক)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অনানুষ্ঠানিকভাবে ১৪টি হল ও একটি হোস্টেলের ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
ফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ২২১ ভোটে এবং জিএস পদে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোটে বিজয়ী হন।
৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা শুরু হয়। এবার চাকসু ও হল সংসদের মোট ২৬ পদে ৪১৫ প্রার্থী এবং ১৪টি হল ও ১টি হোস্টেলে ৪৯৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

