কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। তিনি বলেন, “বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে দেখা যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত কল্পকাহিনীর ৯০ ভাগ মিথ্যা। আমাদের দল যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল।”
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত বিজয় র্যালিতে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “আজকের বিজয়ের র্যালি স্বাধীনতার পক্ষে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আগামীর বাংলাদেশ আমরা স্বাধীনচেতা নাগরিকদের মাধ্যমে তৈরি করব। পেছনের ইতিহাসকে পেছনে রেখে নতুন ইতিহাস গড়ে তুলতে চাই।”
এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

